লালমনিরহাট জেলা শহরে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং ইসলামের প্রতি কটুক্তি করার অভিযোগে এলাকাবাসীর ক্ষোভের মুখে পরেশ চন্দ্র বর্মন (৭৫) ও তার পুত্র বিষ্ণু চন্দ্র বর্মন (৩৫)কে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে স্থানীয় জনগণ ব্যাপকভাবে বিক্ষুব্ধ হয়ে উঠে এবং লালমনিরহাট সদর থানায় সমবেত হয়ে কটুক্তিকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে থানাটি ঘেরাও করে।
জনতার রোষের মুখে পড়ে বাবা-ছেলেকে গণপিটুনি দেয় স্থানীয়রা, পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিস্থিতি আরও উত্তেজিত হওয়ায় লালমনিরহাট সদর থানা পুলিশ সেনাবাহিনীর সহায়তা চায়।

দ্রুত সেনাবাহিনী গিয়ে থানা প্রাঙ্গণে উপস্থিত হয় এবং ক্যাম্প কমান্ডার মেজর আমিরের নেতৃত্বে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, “আমরা ঘটনাটির সত্যতা যাচাই করছি। যারা মহানবী (সা.) ও ইসলাম সম্পর্কে কটুক্তি করেছে, তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রহণের প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করা হবে।”
অভিযোগ উঠেছে, নাপিতটারী (নবীননটারী) এলাকার হিন্দু সম্প্রদায়ের সদস্য পরেশ চন্দ্র বর্মন ও তার পুত্র বিষ্ণু চন্দ্র বর্মন মহানবী, মা আয়েশা (রাঃ) এবং পবিত্র কাবা শরীফ সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এ ঘটনার ফলে এলাকায় ধর্মীয় সংবেদনশীলতা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং সবাই শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply