টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধকালীন সময়ের ১১ টি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধারের পর বিস্ফোরিত করানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০ টা থেকে দুুপুর ১ টা পর্যন্ত তিনঘণ্টা উপজেলার নলিন এলাকায় যমুনা নদীতে মর্টার শেলগুলো বিস্ফোরণ ঘটান সেনাবাহিনীর একটি বোমা ডিসপোজাল টিম।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম, ভূঞাপুর থানা অফিসরা ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম ও সেনাবাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গত বুধবার ১১ জুন সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়ার শাহাদত নামে এক ব্যক্তি যমুনা নদীতে পাড়ে মাছ ধরতে গিয়ে মর্টার শেলগুলো দেখতে পান। হঠাৎ এসব বস্তু দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
এরপর আশপাশের লোকজনকে বিষয়টি জানালে মর্টার শেলগুলো এক নজর দেখতে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলগুলো উদ্ধার করে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম তালুকদার জানান, ১৯৭১ সালের ১০ আগস্ট মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমানের নেতৃত্বে সিরাজকান্দী ও মাটিকাটা এলাকার যমুনা নদীতে নোঙর করা পাকিস্তানি যুদ্ধজাহাজ
‘আর এস ইউ ইঞ্জিনিয়ার’ ও ‘এলাস-৩’ ধ্বংস করা হয়েছিল। সেই সময়কার অনেক অস্ত্র নদীতে পড়ে যায়। উদ্ধারকৃত মর্টার শেলগুলোও সে সময়কার বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় রুবেল সরকার, মনির ও রফিকুল ইসলাম জানান, তাদের পূর্বপুরুষদের মুখে শুনেছেন যে, ওই এলাকায় পাকিস্তানি একটি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছিল। মর্টার শেলগুলো সেই স্মৃতিরই সাক্ষ্য।
এলাকাবাসীর ধারণা, ১৯৭১ সালে পাটিতাপাড়া ও মাটিকাটা যমুনা নদীর তীরে পাকিস্তানি বাহিনীর একটি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছিল।
উদ্ধারকৃত মর্টার শেলগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের সামরিক অস্ত্র। যমুনা নদী পাড়ে মরিচা ধরা অবস্থায় মর্টার শেলগুলো একত্রে পড়ে ছিল। কিছু শেলের গায়ে জং ধরে গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, বুধবার রাতে উপজেলার পাটিতাপাড়া এলাকার যমুনা নদীর তীর থেকে অবিস্ফোরিত ১১ টা মর্টার শেল উদ্ধার করে সেনাক্যাম্পে প্রেরণ করা হয়েছিল।
পরে সেগুলো বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত নলিন এলাকার যমুনা নদীতে বিস্ফোরিত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ১১টি মর্টার শেল সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।







Leave a Reply