নিউজ ডেস্ক: লালমনিরহাট জেলা জাতীয় পার্টির অফিসে ভয়াবহ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ মে) রাত ১০টার কিছু পরে শহরের আলোরুপা মোড়ের পার্টি কার্যালয়ে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার পর ৪ থেকে ৫টি মোটরসাইকেলে আসা একদল মুখোশধারী ব্যক্তি পার্টি অফিসের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা অফিসের আলমারি, কক্ষ ও আসবাবপত্র ভাঙচুর করে। কিছু আসবাবপত্রে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা সংস্থাকে খবর দেন। এলাকাবাসী নিজের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন।
লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ওয়াদুদ হোসেন বলেন, “একটি নম্বর থেকে আগুন লাগার খবর পাওয়ার কিছুক্ষণ পর একই নম্বর থেকেই আগুন নিভে যাওয়ার কথা জানানো হয়। ফলে আমাদের কোনও ইউনিট পাঠানো হয়নি।”
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাত ১০টা ৪০ মিনিটে ঘটনাটি জানতে পেরেছেন বলে নিশ্চিত করলেও ঘটনার বিস্তারিত বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Leave a Reply