বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুর ২টা ১৭ মিনিটে মমতাজ বেগমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের হাজতখানায় রাখা হয় তাকে। পরে শুনানির জন্য তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তোলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এদিন তার সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান।উভয়পক্ষের শুনানি শেষে আদালত মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Leave a Reply