বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের মধ্যে একটি সমন্বিত আঞ্চলিক অর্থনৈতিক কৌশলের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আলাদাভাবে নয়, একসঙ্গে কাজ করলেই আমরা আরও বেশি লাভবান হতে পারব।”
সোমবার ঢাকায় নেপাল দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের সফররত নেপালের ফেডারেল পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
এ সময় অধ্যাপক ইউনূস রংপুরে নির্মাণাধীন এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল সম্পর্কে বলেন, সেটি শুধু বাংলাদেশের নয়, নেপাল ও ভুটানের রোগীরাও এই সেবার আওতায় আসবেন। তিনি বলেন, “আমরা আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা ও যৌথ সমৃদ্ধিতে বিশ্বাস করি।”
আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশ-নেপাল জলবিদ্যুৎ সহযোগিতা। গত অক্টোবরে স্বাক্ষরিত বাংলাদেশ-নেপাল-ভারত ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তির মাধ্যমে ভারতীয় গ্রিড ব্যবহার করে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির বিষয়টি উভয় পক্ষই গুরুত্বের সঙ্গে তুলে ধরেন এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে এ খাতে উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন।
ডেপুটি স্পিকার ইন্দিরা রানা বলেন, “নেপাল সব খাতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে চায়। আমাদের সংসদ সদস্যরা বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।”
তিনি বাংলাদেশে অধ্যয়নরত প্রায় দুই হাজার ৭০০ নেপালি শিক্ষার্থীর কথা উল্লেখ করে বলেন, “বিশেষ করে মেডিকেল কলেজে যাঁরা পড়াশোনা করছেন, তাঁদের জন্য আরও শিক্ষা বিনিময় ও একাডেমিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।”
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইসরাত জাহান।






Leave a Reply