পহেলা বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা তো এক আলাদা উন্মাদনা! তবে এবারের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিফ।
সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করতে চারুকলার সামনের রাস্তায় শুরু হওয়া শোভাযাত্রা শেষে সেই আলোচিত মোটিফ ঘিরে শুরু হয় ছবি তোলার ধুম!
সরেজমিনে দেখা যায়, শোভাযাত্রা শেষে চারুকলা অনুষদের ভেতরে ইলিশ, বাঘ, পায়রা ও অন্যান্য রঙিন মোটিফের মাঝে দাঁড়িয়ে রয়েছে সেই ফ্যাসিবাদের প্রতীকী মুখাকৃতি।
ভিড় জমে তার সামনে – কেউ সেলফি তুলছে, কেউ প্রিয়জনকে দাঁড় করিয়ে ছবি তুলছে, কেউ বা শুধু মোটিফটিকে ক্যামেরাবন্দি করছে।
নিকেতন থেকে আসা শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন,
“গত কয়েকদিন ধরেই ফেসবুকে এই মোটিফের ছবি দেখে খুব আগ্রহ তৈরি হয়। শোভাযাত্রায় একঝলক দেখেছিলাম, ছবি তুলতে পারিনি। এখন এসে তুললাম, যদিও এখানেও প্রচুর ভিড়।”
অপর দর্শনার্থী অরূপ কুরি বলেন,
“প্রতিবারই মোটিফ দেখতে আসি। এবার ফ্যাসিবাদের মুখাকৃতি মানুষকে ভাবিয়েছে। নতুন বার্তা দিয়েছে। সেটাই আকর্ষণ বাড়িয়েছে।”
উল্লেখ্য, এই প্রতীকী মোটিফটি প্রথমে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু গত ১২ এপ্রিল ভোরে অজ্ঞাতনামা এক যুবক সেটিতে আগুন ধরিয়ে দেয়, পুড়ে যায় শান্তির প্রতীক পায়রাও। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা করে ঢাবি প্রশাসন।
তবে আগুনে পুড়লেও আশার আলো নিভে যায়নি। মাত্র একদিনে চারুকলার শিল্পীরা কর্কশিট দিয়ে পুনরায় নির্মাণ করেন সেই ফ্যাসিবাদের মুখাকৃতির প্রতীক। আর শোভাযাত্রায় সেটিই ছিল সবার আগে – প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়ায় রঙিন রূপে!
এবারের শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠীর সদস্য, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন দেশের অতিথিরা অংশগ্রহণ করেন। ছিল সাতটি বড়, সাতটি মাঝারি ও সাতটি ছোট মোটিফ – তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে একটিই – ফ্যাসিবাদের বিরুদ্ধে রঙিন এক প্রতিবাদ।






Leave a Reply