কুড়িগ্রামের রাজারহাটে ১৭ বছর বয়সী এক কিশোরীকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণের পর ১৮ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক গাড়িচালক ও তার সহযোগীর বিরুদ্ধে। পরে কিশোরী কৌশলে পালিয়ে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিলে স্থানীয়দের সহায়তায় যৌথ বাহিনী তাকে উদ্ধার করে।
ভুক্তভোগী কিশোরী রাজারহাট উপজেলার মধ্য সুলতান বাহাদুর গ্রামের দুলু মিয়ার মেয়ে। জানা গেছে, গত ২ মার্চ আত্মীয়তার সুবাদে অভিযুক্ত ড্রাইভার ফজলুল হক ও তার স্ত্রী কিশোরীর বাড়িতে আসে। তখন বাড়িতে কেউ না থাকার সুযোগে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মোটরসাইকেলে তুলে লালমনিরহাট সদরের চরগুকুন্ডা গ্রামে নিয়ে যায়। এরপর ফজলুল হক ও তার সহযোগী সেলিম তাকে ১৮ দিন ধরে আটকে রেখে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।
বুধবার রাতে কিশোরী কৌশলে পালিয়ে নিজ বাড়িতে ফেরার চেষ্টা করলে অভিযুক্তদের লোকজন তাকে ধাওয়া করে। তখন সে রাজারহাটের গতিয়াসাম গ্রামে আব্দুল বাছেদ মিয়ার বাড়িতে আশ্রয় নেয় এবং সেখানে তার ওপর ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার বিবরণ দেয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আরিফ হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়েটির কথা শুনে আমরা সেনাবাহিনী ও পুলিশকে জানাই। পরে যৌথ বাহিনী অভিযুক্তদের বাড়িতে অভিযান চালায়, তবে প্রধান আসামি ফজলুল পালিয়ে যায়। অভিযানে তার বাড়ি থেকে ছুরি, কাঁচি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।”
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন জানান, কিশোরীকে থানায় নিয়ে আসা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply