গত ৪ নভেম্বর স্বামী ও শাশুড়ি ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাঁকা দেন বলে অভিযোগ।
পাঁচ দিন ধরে এই গৃহবধূ ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন
বিয়ের সময় ‘দাবি করা যৌতুকের টাকা পরিশোধ না করায়’ নীলফামারীতে এক গৃহবধূকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে।
গত শুক্রবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সেনাপাতা গ্রামে স্বামীর বাড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে বলে গৃহবধূ ও তার স্বজনের অভিযোগ।
২২ বছর বয়সী এই গৃহবধূ ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এক সন্তানের জননী এই নারী ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া হাজীপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে।
তার বাবা জানান, ২০১৭ সালের ৭ জুলাই পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সেনাপাতা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সজীব হোসেন বাবুর (২৭) সঙ্গে তার মেয়ের
সজীব ট্রাক্টর চালক। তাদের সংসারে সাড়ে তিন বছরের এক মেয়ে রয়েছে।
তিনি অভিযোগ করেন, বিয়ের সময় সজীবের পরিবার যৌতুক হিসেবে তিন লাখ ৩০ হাজার টাকা দাবি করলে পরিশোধ করায় হয় তিন লাখ টাকা। অবশিষ্ট ৩০ হাজার টাকার জন্য নানাভাবে চাপ দিতে থাকে তার মেয়েকে।
“আমি টাকা দিতে না পারায় মেয়েকে তার স্বামী ও শাশুড়ি একাধিকবার শারীরিক নির্যাতন চালিয়েছে। এ বিষয়ে একাধিকবার আপোষ মীমাংসার বৈঠকও হয়েছে, কিন্তু তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি।”

এই গৃহবধূর অভিযোগ, যৌতুকের বাকি ৩০ হাজার টাকাকে কেন্দ্র করে গত ৪ নভেম্বর সকাল ১০টার দিকে স্বামী সজীব হোসেন বাবু ও শাশুড়ি জাহেদা খাতুন তার ওপর শারীরিক নির্যাতন চালান।
“এক পর্যায়ে তারা আমার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাঁকা দিতে থাকে। নির্যাতনে শরীরের অসহ্য যন্ত্রণা নিয়ে সেদিন বিকালে বাবার বাড়ি চলে আসলে অবস্থা দেখে আমাকে রাতে হাসপাতালে ভর্তি করায় বাবা।”

তিনি বলেন, “গত পাঁচ বছরে তাদের নির্যাতনে আমার জীবন অতিষ্ট হয়ে উঠেছে। শুধু সন্তানের কথা চিন্তা করে সব কষ্ট সহ্য করেছিলাম। কিন্তু দিনে দিনে নির্যাতনের মাত্রা বেড়েই চলছে তাদের। ওরা আমাকে মেরে ফেলবে, আমি ওই সংসারে আর ফিরে যেতে চাই না। এমন নির্যাতনের বিচার চাই আমি।”
সজীব হোসেন বাবু যৌতুক দাবির কথা অস্বীকার করে বলেন, “পারিবারিক কারণে রাগের বশে গালে থাপ্পর মেরেছি। গরম খুন্তির ছ্যাঁকা দিইনি। বিষয়টি এতদূর গড়াবে বুঝতে পারিনি। আমার স্ত্রীকে আমি ভালোবাসি, আমাদের সংসার টিকে রাখার জন্য সহযোগিতা চাচ্ছি।”

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পারমিতা রায় বলেন, “দুই গাল, গলা ও পায়ে গরম ছ্যাঁকার আঘাত নিয়ে ওই গৃহবধূ পাঁচ দিন থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার চিকিৎসা চলছে।” সূত্র:বিডিনিউজ২৪
Leave a Reply