কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় নিজ বাসা থেকে রোকসানা খানম নামের এক স্কুলশিক্ষিকার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের হাউজিং ডি-ব্লক এলাকার এ-২৮৫ নম্বর নিজ বাড়ির দ্বিতীয় তলা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
রোকসানা খানম কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষিকা ছিলেন। তিনি জেলার ভেড়ামারা উপজেলা সরকারি গার্লস স্কুলের সহকারী শিক্ষক মৃত রওশন মাস্টারের মেয়ে।তাঁর স্বামী মোস্তাফিজুর রহমান যশোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হিসাবরক্ষক হিসেবে কর্মরত। রাতে বাসায় তিনি একা ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, ছয়তলা বিশিষ্ট বাড়িটি ওই শিক্ষিকার নিজের। নিঃসন্তান ওই শিক্ষিকা দ্বিতীয় তলায় একাই থাকতেন। ওই বাসার চতুর্থ তলায় থাকতেন তাঁর মৃত ভাই এ কে এম নূরে আসলামের পরিবার।
নিহত শিক্ষিকার ভাতিজা নওরোজ কবির নিশাত বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে ফুপুকে ডাকতে গিয়ে দেখি দরজা ভেতর থেকে লক। অনেক ডাকাডাকি করার পরও দরজা না খোলায় ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ আমাদের দরজা ভেঙে ফেলার জন্য বলে। কয়েকজন মিলে দরজা ভেঙে প্রবেশ করে শয়ন কক্ষে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখি। তাঁর মাথায়ও জখমের চিহ্ন ছিল। ওই ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড়, ড্রয়ার সবকিছু ছড়ানো-ছিটানো ছিল। ’
বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশ, র্যাব, পিআইবি, ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. এফতে খাইরুল ইসলাম বলেন, ‘রোকশানা খানম স্কুলের ইংরেজীর সিনিয়র শিক্ষিকা ছিলেন। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ’
কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে কারা, কী উদ্দেশ্যে তাকে হত্যা করেছে বিষয়টি এখনো স্পষ্ট নয়। দুর্বৃত্তরা দোতালার বারান্দার দরজা ভেঙে ওই বাড়িতে প্রবেশ করে এবং হত্যাকাণ্ড শেষে আবার ওই দরজা দিয়েই পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা যায়নি। কোন মামলাও হয়নি। ’
Leave a Reply