“জাগো বাহে, তিস্তা বাঁচাই”—এই স্লোগানকে সামনে রেখে গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচি সফলভাবে শেষ হওয়ায় তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে কৃতজ্ঞতা ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় লালমনিরহাট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বক্তারা তিস্তা নদী রক্ষার দাবিতে আন্দোলনের সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক বলেন, তিস্তা নদীর ন্যায্য পানির অধিকার আদায়ের লক্ষ্যে এই আন্দোলন একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি গুরুত্ব পাওয়ায় আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সকল ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সভায় আন্দোলনের সঙ্গে যুক্ত সাধারণ জনগণ, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আন্দোলনের সাফল্যে ভূমিকা রাখা সকল ব্যক্তি ও সংগঠনকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply