গত তিনটি জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ২২ জন সাবেক জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো: মোখলেস উর রহমান ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেন।
জ্যেষ্ঠ সচিব জানান, অবসরে যাওয়া কর্মকর্তারা ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এর আগে, বুধবার ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ জন সাবেক জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই কর্মকর্তারা তখন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এ ছাড়া, একই কারণে আরও ১২ জন কর্মকর্তাকে আগেই ওএসডি করা হয়েছে। বর্তমানে তারা বিভিন্ন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ রয়েছে, যেখানে কিছু জেলা প্রশাসক অতিউৎসাহী ভূমিকা পালন করেছিলেন।
বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল মন্ত্রণালয়।





Leave a Reply