রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাই করতে জিজ্ঞাসাবাদ চলছে।
সূত্র জানায়, গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত একটি সভায় সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণকারীদের মধ্যে এই দুই অভিনেত্রীর নাম উঠে আসে।
তদন্তের স্বার্থে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাওনকে এবং রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, শাওনের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং তার বিরুদ্ধে কোনো মামলা হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি।
একইভাবে, ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন যে সোহানা সাবার জিজ্ঞাসাবাদ চলছে এবং তাকে গ্রেফতার দেখানোর সিদ্ধান্ত এখনো হয়নি।
প্রসঙ্গত, সোহানা সাবা গত বছর জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আলোচনায় আসেন। তিনি ‘আলো আসবেই’ নামে একটি শিল্পী গোষ্ঠীর হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিলেন, যার কিছু বার্তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

Leave a Reply