লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের ময়নার চওড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ গুরুতর জখম হয়েছেন। আহত বৃদ্ধের নাম মো. আবুল কালাম (৭০), তিনি ওই গ্রামের মৃত আমজাদ হোনের ছেলে।
ঘটনাটি ঘটে ৭ ফেব্রুয়ারি, শুক্রবার বিকালে ময়নার চওড়া হাফিজিয়া মাদ্রাসার পিছনের রাস্তায়, যখন আবুল কালাম নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন।
এ ঘটনায় আবুল কালামের ছেলে শরীফ মিয়া পাঁচ জনের নাম উল্লেখ করে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন চন্দনপাট ময়না চওড়া গ্রামের মনির হোসেন, ইদ্রিস আলী, শহিদুল ইসলাম ডিলারসহ আরও দুই ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসায় একটি ওয়াজ মাহফিলে আওয়ামী লীগ নেতার নাম না রাখার কারণে শহিদুল ইসলাম ডিলারসহ কয়েকজন মাদ্রাসার পরিচালকের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ৫ ফেব্রুয়ারি, মাদ্রাসার ছাত্রদের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে।
পূর্বশত্রুতার জেরে, ৭ ফেব্রুয়ারি, আবুল কালাম বাড়ি ফেরার পথে হামলাকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। হামলার পর আবুল কালামের পরিবার চিৎকার করলে আশপাশের লোকজন এসে হামলাকারীদের তাড়া করলে তারা পালিয়ে যায়। আবুল কালামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় আবুল কালাম ও তার পরিবার আতঙ্কিত অবস্থায় রয়েছেন।





Leave a Reply