বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক সমাজকল্যাণমন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রিমান্ড শেষে তাকে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান। জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, ৩০ জানুয়ারি রাত ৯টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের এক আত্মীয়ের বাসা থেকে নুরুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ। ৩১ জানুয়ারি তাকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড আবেদন করা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে মুন্নার মৃত্যুর ঘটনায় নুরুজ্জামান ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা হয়। একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর তার ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকেও গ্রেফতার করা হয়েছিল। এছাড়া, লালমনিরহাটে ৫ আগস্টের পর নুরুজ্জামানের নামে আরও আটটি মামলা হয়েছে।
উল্লেখ্য, ৫ আগস্টের ‘জুলাই বিপ্লব’ পরবর্তী সময় থেকে নুরুজ্জামান আত্মগোপনে ছিলেন। তিনি এর আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ছিলেন।

Leave a Reply