লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ী সোনালী ব্যাংকের একটি উপ-শাখায় সুরঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল ঘিরে রাখে এবং নিরাপত্তার কারণে ব্যাংকের আশপাশে কাউকে যেতে দেওয়া হয়নি।
সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, রাত সাড়ে এগারোটায় ব্যাংকের পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ব্যাংকের পেছনের দেয়ালে সুরঙ্গ দেখতে পান। দ্রুত এলাকাবাসী পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। ঘটনাস্থলে এসে আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকাকে ঘিরে রাখে।
পুলিশ জানিয়েছে, সুরঙ্গ খুঁড়লেও ব্যাংকে থাকা টাকা বা অন্য কোনো সম্পদ লুট হয়নি। তবে ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, “ব্যাংকের কোনো কিছু খোয়া যায়নি। তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে মামলা করবেন।”
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে এবং এলাকাবাসীকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply