সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাহমুদপুর গ্রামে আপন ছোট ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।
শ্যামনগর থানার ওসি ওয়াহিদ মুর্শেদ জানান, মাহমুদপুর গ্রামের শেখ মুনসুর আলীর বড় ছেলে শেখ লোকমান হোসেনের সাথে ছোট ছেলে শেখ মোশাররফ হোসেনের জমিজমা সংক্রান্তে বিরোধ চলছিল। এর জেরেই এই হত্যাকাণ্ড। মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ মোশাররফকে খুঁজছে।
স্থানীয় সোনার মোড় বাজার সমিতির সভাপতি পলাশ খান জানান, লোকমান-মোশাররফের বাবা মুনসুর শেখের মাহমুদপুরে জমি ও সহায় সম্পদ এবং সোনারমোড়ে দোকানপাটও রয়েছে। ছোট ছেলে মোশাররফের স্ত্রী কয়েক বছর ধরে স্বামীর অমতে ওমানে গৃহকর্মী হিসেবে চাকরি করছেন।

মোশাররফের ১১ ও ৭ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। স্ত্রী চলে যাওয়ার পর থেকে মোশাররফ নানা ধরনের অস্বাভাবিক আচরণ করতেন। তা ছাড়া মাদকে আসক্ত হয়ে পড়েন। মাঝে মাঝেই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হওয়ার জন্য সম্পত্তি নিয়ে বিরোধ করতেন। বড় ভাই তার পরিবারের বিরুদ্ধে ঝাড়ফুঁক করেছেন-এমন অভিযোগ ছড়াতেন।
আজ সকালে এরই জের ধরে সোনারমোড় সংলগ্ন মসজিদ থেকে ফজরের নামাজ আদায় শেষে বড়ভাই লোকমান শেখ বের হওয়া মাত্র পিঠে ও বুকে উপর্যুপরি কুপিয়েই মোশাররফ শেখ সেখান থেকে সরে পড়েন। লোকমানের শরীর থেকে ব্যাপক রক্তপাত হয় সেখানে। এরপর স্থানীয়রা লোকমানকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শিরউজ্জামান জানান, পথেই অধিক রক্তপাতে রোগীর মৃত্যু ঘটেছে। তার বুকে পিঠে কোপ রয়েছে।

নিহতের ছেলে আল আমিন জানান, তার বাবা ভাঙাড়ির ব্যবসা করেন। ঘটনার দিন ভোরের দিকে ভ্যান নিয়ে বাজারের যাওয়ার সময় উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মোশারফ বড় ভাইয়ের পিঠে ও বুকের মধ্যে দায়ের কোপ বসিয়ে দেন। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সূত্র: গ্রামের কাগজ
Leave a Reply