লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন সুমন খান (৪৮) ও তাঁর স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে সিআইডি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় এই মামলা দায়ের করেন।
সাখওয়াত হোসেন সুমন খান লালমনিরহাট পৌর শহরের কালীবাড়ী মাস্টারপাড়া এলাকার বাসিন্দা, এবং তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। সুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমি দখল, হুন্ডি ব্যবসা, চোরাচালান, টেন্ডারবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অপরাধে জড়িত থাকার কারণে তিনি স্থানীয়ভাবে “হুন্ডি সুমন” নামে পরিচিত।
মামলার এজাহার এবং সিআইডি সূত্রে জানা যায়, সিআইডি পুলিশ সাখওয়াত হোসেন সুমন খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, স্বর্ণ চোরাচালান, মাদক কারবার, টাকা পাচার সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালায়। তদন্তে সুমনের ব্যাংক একাউন্টে ২৩৭ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৭৬০ টাকার অস্তিত্ব পাওয়া গেছে।
এছাড়া তাঁর স্ত্রী মোছা. নাহিদা আক্তার রুমার ব্যাংক একাউন্টে ৪ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৩১০ টাকা এবং সুমনের কর্মচারী তৌকির আহমেদ মাসুমের ব্যাংক একাউন্টে ১৮৬ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ১২৭ টাকার সন্ধান পাওয়া গেছে। শুধু নগদ অর্থ নয়, তাদের সম্পত্তির মধ্যে বিলাসবহুল বাড়ি, গাড়ি ও হোটেলও রয়েছে।
উল্লেখ্য, এসব সম্পদের কোনও বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি। বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা, স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে। ফলে ২০১৫ সালের মানি লন্ডারিং আইনের ৪ (২) ধারায় এই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। লালমনিরহাট সিআইডি’র এ এসপি আব্দুল হাই সরকার জানান, আইন অনুযায়ী মামলাটি সিআইডি তদন্ত করবে।

Leave a Reply