লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা ফখরুল ইসলাম বুলেট হত্যার ঘটনায় আলোচিত মামলার রায় আজ ঘোষণা করা হয়েছে। আদালত আসামি আমিনুল খানসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।
বুধবার (১৬ অক্টোবর) লালমনিরহাট জেলা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক আবিদ আলী এই রায় ঘোষণা করেন। রায়ে আসামি আমিনুল খান, বিপুল খান, ও মজিদুল কসাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মামলায় ১১ জনকে আসামি করা হয়েছিল, এর মধ্যে দুইজনকে চার্জ গঠনের সময় অব্যাহতি দেওয়া হয় এবং একজন আসামির মৃত্যু হয়। বাকি পাঁচজনকে আদালত বেকসুর খালাস দেন।
ঘটনার পটভূমি:
২০১৫ সালের ২৭ জুন, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বাফার গোডাউনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফখরুল ইসলাম বুলেটকে হত্যা করা হয়। ওই দিন সন্ধ্যায় মোবাইল ফোনে ডেকে এনে তাকে নির্মমভাবে হত্যা করে আসামিরা। বুলেট মহেন্দ্রনগর বাজারের খান মার্কেটে পৌঁছালে আমিনুল খান, বিপুল খান ও মজিদুল কসাইসহ অন্যান্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তার হাত পা বিচ্ছিন্ন করে হত্যা করে। নিহত ফখরুল ইসলাম বুলেট জাতীয় শ্রমিকলীগের মহেন্দ্রনগর শাখার সভাপতি ছিলেন।
বুলেটের পরিবারের অভিযোগ, স্থানীয় আধিপত্য বিস্তারের জন্য পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। নিহতের বাবা, স্কুল শিক্ষক এনামুল মাষ্টার, ২০১৫ সালে ১১ জনকে আসামি করে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার রায় প্রসঙ্গে নিহতের স্ত্রী নুসরাত জাহান ঝুমা সন্তোষ প্রকাশ করে বলেন, “আমার স্বামীর হত্যাকারীরা যাবজ্জীবন সাজা পেয়েছে, আমরা সন্তুষ্ট। তবে খুনিদের দ্রুত গ্রেফতার ও রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।”

Leave a Reply