লালমনিরহাট, সোমবার: বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড) একটি বিশেষ অভিযানে তিন কোটি টাকার ভারতীয় শাড়ী, পাঞ্জাবী, ও প্যান্ট পিসসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে। সোমবার রাত ১২টার দিকে লালমনিরহাট জেলার তিস্তা টোল প্লাজায় করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে ১৪৬৬ পিস ভারতীয় শাড়ী, ১৪৭৯ পিস পাঞ্জাবী এবং ১০০০ পিস প্যান্ট পিস জব্দ করা হয়।
পণ্যগুলোর সিজার মূল্য ্আনুমানিক ৩ কোটি ১৯ লক্ষ ২৭শ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু ভ্যানটি না থেমে তিস্তা টোল প্লাজার দিকে চলতে থাকে। বিজিবি ধাওয়া করে টোল প্লাজায় ভ্যানটি আটক করে এবং তল্লাশি চালায়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সিইও কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” আটককৃত কাভার্ড ভ্যানটি বর্তমানে বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রয়েছে।




Leave a Reply