ফরিদপুরের নগরকান্দায় দাম্পত্য কলহের জের ধরে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়েজামাইয়ের বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাভার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম রহিমা বেগম(৫৫)। তিনি একই গ্রামের ইদ্রিস মাতুব্বরের স্ত্রী। রহিমার ছয় মেয়ে এক ছেলে রয়েছে। অভিযুক্ত মেয়েজামাইয়ের নাম ইউনুস মোল্যা ওরফে সাগর। তিনি মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার বিনোদপুর গ্রামের ইমাম মোল্যার ছেলে।
প্রতিবেশীরা জানায়, রাতে স্ত্রী-সন্তানের কাছে ঘুমাতে বাধা দেওয়ায় শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছেন তার জামাই।
নিহত রহিমা বেগমের মেয়ে নাসরিন আক্তার বলেন, ১০ বছর আগে আমাদের বোন শিউলী আক্তারের সঙ্গে ইউনুস মোল্যা ওরফে সাগরের বিয়ে হয়। তাদের একটা কন্যাসন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই শিউলীকে নানাভাবে নির্যাতন করতেন তার মাদকাসক্ত স্বামী ইউনুস। তিনি ঢাকায় সিএনজি চালাতেন। ইউনুসের নির্যাতনের মাত্রা বেড়ে গেলে পাঁচ বছর আগে শিউলী বাবার বাড়িতে চলে আসেন।

নিহতের মেয়ে আরও জানান. শিউলী বাড়িতে থাকাকালীন জীবিকার তাগিদে বিদেশে চলে যান। সেখানে ২-৩ বছর থাকার পর বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে তার স্বামী ইউনুস প্রায়ই শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর কাছে থাকতেন। কিন্তু তাদের মধ্যে আবারও দাম্পত্য বিষয় নিয়ে ঝামেলা হয়। ঝামেলার মধ্যেই গত দুইদিন আগে ইউনুস শ্বশুরবাড়িতে আসেন। তবে এবার আর রাতে স্ত্রী-সন্তানের কাছে থাকতে দেননি শিউলীর মা। তিনি মেয়েজামাইকে আলাদা বিছানায় থাকতে দেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ইউনুস। শুক্রবার গভীর রাতে ইউনুস তার স্ত্রীর কাছে গিয়ে ঘুমাতে চাইলে রহিমা বেগম এসে ফের বাধা দেন। তখন শাশুড়িকে চাকু দিয়ে এলোপাতাড়ি কোপায় ইউনুস। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ইউনুস পালিয়ে যান। পরে এলাকাবাসী রহিমাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরকান্দা থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামী ইদ্রিস মাতুব্বর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় তার মেয়ে জামাইকে একমাত্র আসামি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। সূত্র দৈনিক সমকাল

Leave a Reply