ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বিশ্বের মুসলমানদের আনন্দ উদযাপনের দিন পবিত্র ঈদুল আজহা আজ রবিবার। অব্যাহত অতিমারি এবং দেশের কোনো কোনো অঞ্চলে বন্যার কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশ বিরাজ করলেও ঈদের আনন্দে তা খুব বাদ সাধতে পারেনি। আরবি জিলহজ মাসের চাঁদ দেখার ভিত্তিতে ১০ দিন আগে থেকেই ঈদুল আজহার দিন নির্ধারিত থাকে। এই ১০ দিন নানা রকম পুণ্যকর্মের মধ্য দিয়ে কাটায় মুসলমানরা।
সামর্থ্য অনুযায়ী পশু কোরবানির মধ্য দিয়ে এই ঈদ উদযাপিত হয়ে থাকে। ঈদের দিন ছোট-বড় সবাই উৎসবের আমেজে ঈদগাহে নামাজ আদায় করে। নিজের ও পরিবার-পরিজনসহ দেশবাসী তথা মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মোনাজাত করে সবাই। বরাবরের মতো এবারও পরিবারসমেত ঈদ আনন্দ উপভোগ করতে গ্রামের বাড়িতে ফিরেছে রাজধানীর বহু মানুষ। গত কয়েক দিন ধরেই বাস, ট্রেন, লঞ্চে লাখো মানুষ ঢাকা ছেড়েছে। এরই মধ্যে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা।
কোরবানির ঈদের আগে পশু কেনা, তার পরিচর্যা করার মধ্য দিয়ে যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়, শহুরে জনপদে এবারও তা দেখা যায়। ক্রেতারা হাট থেকে দর-কষাকষি করে পছন্দের পশুটি কিনে গলায় জরির মালা, শিংয়ে রাংতা জড়িয়ে দড়ি ধরে টানতে টানতে বাসায় নিয়ে যান। সাত থেকে ১০ দিন আগে থেকেই গবাদি পশু ও পশুখাদ্যের সমাবেশ দেখা গেছে পাড়ায় পাড়ায়। পশুর হাঁকডাক আর তাদের যত্ন-আত্তি নিতে মানুষের ছোটাছুটিও নাগরিক পরিবেশে সৃষ্টি করছে অন্যরকম আবহ।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে করোনা মহামারির ভবিষ্যৎ সংক্রমণ বৃদ্ধি রোধে যথাযথ সাবধানতা অবলম্বনের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। একই সঙ্গে করোনা মহামারি ও বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধ-সংঘাতের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নিম্ন আয়ের মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় এবং ঈদ উৎসবে শামিল হতে পারে, সে লক্ষ্যে তিনি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে।
সুত্র কালের কন্ঠ
Leave a Reply