চাঁপাইনবাবগঞ্জে পৈত্রিক জমি বুঝিয়ে না দেয়ায় ব্যাপক ককটেলবাজি করে দাদার বাড়ীতে হামলা ও ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে রিসাত নামে এক কিশোরগ্যাং দলনেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ধুমি হায়াতপুর-বুড়াপাড়া গ্রামে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পরে চারটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। বৃদ্ধ আব্দুস সালামের দাবি-বড় ছেলেকে জমি বুঝিয়ে না দেয়ার কারনে নাতি রিসাতের নেতৃত্বে কিশোরগ্যাংয়ের সদস্যরা একত্রিত হয়ে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাড়ীর জানালা, দরজা ও বৈদ্যতিক মিটার ভাংচুর করে। এসময় বাড়ীর নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।
শিবগঞ্জ থানার ওসি মো.সাজ্জাদ হোসেন জানান, মূলত পারিবারিক দ্বন্দের জের ধরে ককটেলবাজি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। অভিযুক্তকে ধরতে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply