চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্যান চালক কে পুড়িয়ে হত্যার ঘটনায় ৫ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশের দাবি- গ্রেপ্তারকৃতরা ৪০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাই করতেই এ হত্যাকান্ড ঘটানোর পর লাশ গুম করতে পুড়িয়ে ফেলে। বুধবার (১৩ মার্চ) দুপুরে শিবগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম হঠাৎপাড়া গ্রামের মোঃ রুহুল আমিন কালু, মোঃ খাইরুল ইসলাম, মোঃ শাহিন আলী, মোঃ ফটিক আলী এবং রাজশাহীর তানোর উপজেলার বহরইল গ্রামের মোঃ জুয়েল রানা।
তবে একই ঘটনায় অপর অভিযুক্ত হারুন আলী কে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গির আলম জানান, ভ্যান চালক তোফাজ্জল হকের সাথে মামলার মূল আসামী মোঃ রুহুল আমিন কালুর ব্যবসায়িক কারনে সু-সম্পর্ক থাকায় গত ২৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় তোফাজ্জল কে মোবাইল ফোনে ভাড়ার জন্য ডেকে পাঠায়।
এরপর বহরম পদ্মা নদীর ৪ নং বাঁধের কাছে নিয়ে হত্যা করে। হত্যার পর মৃতদেহ গোপন করতে আগুন লাগিয়ে বিকৃত করে দেয়া হয়। এ ঘটনায় ১ মার্চ নিহতের ছেলে মাসুদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

Leave a Reply