কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় পারভেজ মোশাররফ নামে এক কিশোরকে অপহরণ পূর্বক ৮ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ২৬ ফেব্রুয়ারী টেকনাফ মডেল থানায় অপহৃত কিশোরের পিতা অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকার বাসিন্দা অপহৃত পারভেজ মোশাররফের পিতা মোহাম্মদ হোছন থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে বলেন, ‘শনিবার ২৪ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪টার দিকে আমার ছেলে পারভেজ মোশাররফকে (১৫) টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকার হাফেজ আহমদের ছেলে মো. সাদেক (১৭) মরিচ্যাঘোনাস্থ নিজ বাড়ী থেকে ডেকে নিয়ে যায়।
পরে আরও অপরিচিত ৩/৪ জন লোক মিলে অজ্ঞাতস্থানে বেধে রেখে আমার ছেলের মোবাইল ফোন থেকে হাতমুখ বাধা অবস্থায় নানা অসঙ্গতিপূর্ণ ছবি পরিবারের কাছে পাঠিয়ে ৮ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে।
আমার ছেলে ফেরত না আসায় আমি আমার ছেলের মোবাইল নম্বরে (০১৮৪৫৫৫৯৪২২) একাধিকবার ফোন করলে প্রথমে মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে তার মোবাইল থেকে হাত, পা, মুখ বাধা অবস্থায় নানা অসঙ্গতিপূর্ণ ছবি পাঠিয়ে ৮ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। চাহিদামত টাকা না দিলে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দেয়।
আমার ছেলে ভিকটিম পারভেজ মোশাররফের সাথে বিবাদী সাদেকের দীর্ঘ ৪/৫ বছর পূর্ব থেকে বঙ্গোপসাগরে একসাথে মাছ মারার সুবাদে সম্পর্ক ছিল।
এরই সূত্রধরে গত ২৪ ফেব্রুয়ারী বিকালের দিকে সাদেক হঠাৎ আমার বাড়ীতে এসে আমার ছেলে পারভেজ মোশাররফকে কথা আছে বলে ডেকে নিয়ে যায়। তখন থেকে এ পর্যন্ত আমার ছেলে পারভেজ মোশাররফ ফেরত না আসায় ২৬ ফেব্রুয়ারী থানায় একটি অভিযোগ দায়ের করি’।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ উসমান গনি বলেন, বিষয়টি আমলে নিয়ে অপহৃতকে উদ্ধার করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে’।





Leave a Reply