মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় মাতৃত্বকালীন ভাতা ভোগীর তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১২ নং চরবাগডাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে। এ ব্যাপারে ২২ ফেব্রুয়ারি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন চরবাগডাঙ্গা ইউনিয়নবাসীর পক্ষে সাদরুল ইসলাম।
অভিযোগ সুত্রে জানা যায়, প্যানেল চেয়ারম্যান নুরুল হক নভেম্বর ও ডিসেম্বর/২০২৩ এবং জানুয়ারি/২০২৪ এ তিনমাসের দরিদ্র মাতৃত্বকালীন ভাতাভোগীদের তালিকায় ব্যাপক দূর্ণীতি ও অনিয়ম করেছেন। নিয়ম অনুযায়ী দরিদ্র মাতৃত্বকালীন ভাতাভোগীদের আবেদন করার সময় বয়স ২০-৩৫ বছর হতে হবে, ২ সন্তানের বেশী থাকলে হবেনা এবং অবশ্যই ৪-৬ মাসের গর্ভবতী হতে হবে।
কিন্তু ওই তিন মাসের তালিকায় ২ সন্তানের অধিক জন্মদাত্রী, ৩৫ উর্ধ্ব মহিলা, এমনকি গর্ভবতী নন এমন মায়ের নাম দেয়া হয়েছে।
অনিয়ম ও দূর্ণীতির আশ্রয় নিয়ে এমন তালিকা করেছেন প্যানেল চেয়ারম্যান নুরুল হক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে তালিকায় থাকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এক নারীর নাম উল্লেখ করা হয়েছে,
যিনি ৪ সন্তান জন্ম দিয়েছেন এবং তিনি গর্ভবতী নন। নুরুল হক অর্থের বিনিময়ে এবং স্বজনপ্রীতি করে এসব অনিয়ম করছেন।অভিযোগে সুষ্ঠ তদন্ত করে অনিয়মের মাধ্যমে তৈরীকৃত তালিকা বাতিল করে প্রকৃত ভাতাভোগীদের ভাতা প্রদান করতে এবং দূর্ণীতিবাজ প্যানেল চেয়ারম্যান নুরুল হকের যথাযথ শাস্তির দাবি জানানো হয়েছে।

Leave a Reply