চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এ সীমান্ত রক্ষী বাহিনীর এক কর্মকর্তা।
রোববার (২৮ জানুয়ারি) বিকালে শিবগঞ্জ উপজেলার জমিনপুর সীমান্ত থেকে ওই চোরাকারবারিকে আটক করা হয়।
আটক মো. রূপচান রনি জামিনপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আজ সোমবার (২৯ জানুয়ারী) দুপুরে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রোববার বিকেলে জমিনপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন রুপচান রনি।
তখন ধাওয়া করে ধরার পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল দু’টি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রনি তিনটি বিওপির তালিকাভূক্ত চোরাকারবারি উল্লেখ করে বিজিবি অধিনায়ক জানান, তাকে ধরতে দীর্ঘ দিন ধরে চেষ্টা করছিল বিজিবি। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত এক বছরে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ২১টি দেশি-বিদেশি পিস্তল ও ৩৭৯ রাউন্ড গুলিসহ ১২ জনকে আটক করা হয়েছে বলে জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

Leave a Reply