বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান।
রবিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালি সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিজিবিপ্রধানের সীমান্ত পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কক্সবাজার পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে যান বিজিবি মহাপরিচালক। সেখানে বাহিনীর কার্যক্রম পরিদর্শনের সঙ্গে সদস্যদের খোঁজখবর নেন তিনি।
পালংখালী সীমান্ত পরিদর্শন শেষে দুপুরে টেকনাফের ওয়াইকং সীমান্তে যান বিজিবিপ্রধান। পরে বান্দরবানের তুমব্রু সীমান্ত পরিদর্শন শেষে কক্সবাজার ত্যাগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমার আর্মির সঙ্গে আরাকান আর্মি সংঘর্ষ চলমান রয়েছে। এ পরিস্থিতিতে গত শনিবার থেকে এই পর্যন্ত মিয়ানমার থেকে ফায়ার করা ১৩টি মর্টার শেল ও এক রাউন্ড বুলেট বাংলাদেশে এসে পতিত হয়েছে।
বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক মিয়ানমার সীমান্ত রক্ষী বর্ডার গার্ড পুলিশকে (বিজিপি) প্রতিবাদলিপি পাঠনো হয়েছে।
এই পরিপ্রেক্ষিতে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান মিয়ানমারের ফায়ার করা মর্টার শেল এবং বুলেট পতিত হওয়ার স্থানগুলো পরিদর্শন এবং পর্যবেক্ষণ করেন।
তিনি পালংখালী, তুমব্রু, হোয়াইক্যং বিওপি পরিদর্শন করে মিয়ানমারের চলমান সংঘর্ষ এবং প্রতিপক্ষের বিদ্রোহী গোষ্ঠী ও তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিজিবিপ্রধান বিজিবিকে সীমান্ত এলাকায় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন।

Leave a Reply