নির্বাচনী জনসভা চলাকালে ‘উঠেন আপনি, কীসের এমপি হয়েছেন’ বলে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আব্দুল আজিজকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে নুরুল ইসলাম প্রামাণিক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতিতে নির্বাচনী জনসভা চলাকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতি এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আব্দুল আজিজ।
সমাবেশ চলাকালে নুরুল ইসলাম প্রামাণিক এসে ডা. আব্দুল আজিজের সঙ্গে অশালীন আচরণ করেন এবং মাইক্রোতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেন।
পরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে সলঙ্গা থানা হেফাজতে নিয়ে যান। এ সময় তার কাছে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। তিনি সিরাজগঞ্জ-৩ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলামের কর্মী বলে জানা গেছে।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এস আই) আব্দুল লতিফ জানান, এ ঘটনার প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি এনামুল হক জানান, আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী সমাবেশে আশালীন আচরণের অভিযোগে একজনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




অনলাইন ডেস্ক
Leave a Reply