মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক।
নিহত ব্যক্তির নাম মোকারম হোসেন (৪৩)। তাঁর বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায়। তিনি এসিআই ফুডের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। দুর্ঘটনায় আহত মোতালেব হোসেনের (৩৮) বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।
তিনি প্রাণ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। তাঁদের দুজনের পরিচয় নিশ্চিত করেছেন এসিআই ফুডের মেহেরপুরের পরিবেশক হাসিনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আখতারুজ্জামান।
সকাল ৯টার দিকে শহর থেকে মোটরসাইকেলে করে বামন্দীর দিকে যাচ্ছিলেন তাঁরা। তেরাইল কলেজের কাছাকাছি পৌঁছালে কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি লোকাল বাস পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এ সময় মোটরসাইকেলটির চালকের আসনে থাকা মোতালেব রাস্তার পাশে ছিটকে পড়লেও আরোহী মোকারম পড়েন বাসের চাকার নিচে। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাসটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে। পরে বামন্দী শহরে বাসটি আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

বিশেষ প্রতিনিধি
Leave a Reply