আঙুলের চোট সারতে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার (১১ ডিসেম্বর) সেখানে এক অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন টাইগার দলপতি। সে সময়ে সাকিব জানান, দেশের ক্রিকেটের প্রতি বেশি নজর দিতে বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিসর্জন দেবেন তিনি।
এবার সাকিবের এমন সিদ্ধান্তে স্বস্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) হোম অব ক্রিকেট মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। সেখানে তিনি জানান, মিডিয়াতে তার স্টেটমেন্টটা দেখেছি।
অবশ্যই এটা আনন্দের ব্যাপার, এখন সে দেশের ক্রিকেটের ওপর বেশি ফোকাস করবে বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে। তো এটা আমাদের জন্য বড় একটা স্বস্তিদায়ক খবর। আমরা চাই সাকিব আমাদের এখানে যতগুলো ফরম্যাট আছে, সে যাতে আমাদের দেশের জন্য খেলে এটাই আমাদের কামনা।
বিসিবির এই কর্মকর্তার ভাষ্য, এখানে একচুয়ালি রিকনসিডারের পার্টটা আসে না। স্টিল সে আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকেই দিয়েছি। শান্তকে আমরা বলেছি যে সামনে দুটা সিরিজ আছে নিউজিল্যান্ডের সঙ্গে, যার জন্য তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি।
আপনারা জানেন সাকিবকে একটা লম্বা সময়ের জন্যই অধিনায়ক দেওয়া হয়েছে। সব ফরম্যাটেই সে আমাদের অধিনায়ক। সামনেও সে সব ফরম্যাটেই অধিনায়ক থাকবে কি না এরকম প্রশ্ন কিন্তু এখনও উঠেনি। আমরা চাই সেই অধিনায়ক থাকুক।
জালাল আরও যোগ করেন, এমন একটা সময় আসবে যখন অবশ্যই সাকিব আর খেলা চালিয়ে যাবে না। হয়তো কোনো ফরম্যাটে খেলা কমিয়ে দিবে। আমরা যাদের সম্ভাব্য ক্যাপ্টেন বলি তাদের মধ্যে শান্ত-মিরাজ আছে। বোর্ডের কাছে মনে হয়, তাদের দুজনেরই বাংলাদেশকে সামনে থেকে লিড করার মতো সক্ষমতা আছে।
এর আগে সাকিব জানিয়েছিলেন, আইপিএলে নামও দেইনি। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি বলেছি নামটা সরিয়ে নিতে। পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি। আগে ফ্র্যাঞ্চাইজি যে টুর্নামেন্টগুলোতে খেলতাম হয়তো এগুলো আমি স্যাক্রিফাইস করব। আমার খুব আশা ছিল নিউজিল্যান্ডে এটলিস্ট ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে যাব। এখন টিম যাচ্ছে। আমার ধারণা ছিল ৪ সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাব। গত দু’দিন আগেও আমি এখানে ডাক্তার দেখিয়েছি, সে বলেছে আরও ২ সপ্তাহ অপেক্ষা করতে। তারপর ধীরে ধীরে রিহ্যাব শুরু করতে।

অনলাইন ডেস্ক
Leave a Reply