ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের পর থেকে দেশের বাজারে পণ্যটির দাম হঠাৎ করে বেড়ে গেছে। এ নিয়ে ব্যবসায়ীদের সর্তক করলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, যারা পেঁয়াজ মজুত করে বেশি দামে বিক্রি করছে তাদের আইনের আওতায় আনা হবে।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
ডিবি হারুন বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শনিবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে আমাদের ডিবির লালবাগ বিভাগের একাধিক টিম চকবাজার ও শ্যামবাজার এলাকায় কাজ করছে। আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ অব্যাহত আছে।
তিনি বলেন, এই সময়ে কেউ কালোবাজারির মাধ্যমে পেঁয়াজ মজুত করলে, বেশি দামে বিক্রির পাঁয়তারা করলে আইনের আওতায় নিয়ে আসা হবে।
এর আগে, গত শুক্রবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে পণ্যটির দাম হু-হু করে বেড়ে যায়। গত সপ্তাহে যে পেঁয়াজের কেজি ১১০ থেকে ১২০ টাকা রাখা হয়েছে, এখন সেটা বিক্রি করা হচ্ছে ২০০ টাকা থেকে ২২০ টাকা পর্যন্ত। লাগামহীন এই দাম বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা।

সূত্র আরটিভি অনলাইন ডেস্ক
Leave a Reply