টাঙ্গাইলের ভূঞাপুরে সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখার ম্যানেজার শহিদুল ইসলাম কর্তৃক গ্রাহকের সঞ্চয়পত্রের আত্মসাত করা ৫ কোটি ১১ লক্ষ টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা।বুধবার (০৬ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এসময় শতাধিক ভুক্তভোগী রাস্তায় শুয়ে এর প্রতিবাদ জানায়।
এরপর ব্যাংকের বর্তমান ম্যানেজার ফিরোজ আহম্মেদ গ্রাহকদের টাকা ফেরত দেয়ার আশ্বাস দিলে কর্মসূচী স্থগিত করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- ভুক্তভোগী গ্রাহক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, মর্জিনা বেগম, শেফালী বেগম, আজিজুল, সাহেব উদ্দিন, জুলহাস উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহক মর্জিনা বেগম জানান, জমি-জমা বিক্রি ও অন্যান্য মিলিয়ে ২১ লাখ টাকা ব্যাংকে সঞ্চয়পত্রে রেখেছিলাম। কিন্তু পরে লভ্যাংশ তুলতে গিয়ে দেখি সঞ্চয়পত্রে টাকাই জমা হয়নি। ব্যাংক ম্যানেজার কৌশলে অনেক গ্রাহকের টাকা আত্মসাৎ করেছে। আমরা ব্যাংক কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ করলেও টাকা ফেরতের কোন ধরনের আশ্বাস পাচ্ছি না। দেয়ালে পিঠ ঠেকে গেছে। যে পর্যন্ত টাকা ফেরত না পাবো সে পর্যন্ত আমরা লাগাতার কর্মসূচি পালন করে যাবো। আর এই বিষয়টি ইউএনও মহোদয়ের নিকট লিখিতভাবে অভিযোগ দেয়া হয়েছে।
শেফালী বেগম জানান, খুব কষ্ট করে কয়েক লক্ষ টাকা সোনালী ব্যাংকে সঞ্চয়পত্র রেখেছিলাম। কয়েক মাস লাভের টাকা পেয়েছি। কিন্তু ম্যানেজার শহিদুলকে বদলি করার পর ব্যাংকে গিয়ে জানতে পারি আমার সঞ্চয়পত্রই খোলা হয়নি। তিনি আরো বলেন- আমরা ব্যক্তি শহিদুলকে টাকা দেইনি, সরকারি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকে টাকা রেখেছি। যে পর্যন্ত আমাদের টাকা ফেরত না পাবো সে পর্যন্ত আমরা এই জায়গা থেকে একচুল পর্যন্ত সরবো না।
মানববন্ধনে ভুক্তভোগী জুলহাস উদ্দিন জানান, আমি জমি বিক্রি করে ৫ লাখ টাকা গোবিন্দাসী সোনালী ব্যাংকে জমা রেখেছিলাম। বেশ কিছুদিন যাবত ব্যাংকে যোগাযোগ করে টাকা না পাওয়ার শোকে আমার স্ত্রী খালেদা বেগম স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, শহিদুল ইসলাম ম্যানেজার হিসেবে সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখায় ২০২০ সালে যোগদান করে। এরপর দীর্ঘ ৩ বছর ২ মাস কাজ করেন সেখানে। এই দীর্ঘ সময়ে তথ্য প্রযুক্তিতে মেধা সম্পন্ন শহিদুল ইসলাম কৌশলে ব্যাংকের ১’শ ৩০ জনের সঞ্চয়পত্রের টাকা লুজ চেকের (জরুরি উত্তোলণের জন্য একক পাতা) মাধ্যমে অন্য একাউন্টে ৫ কোটি ১১ লাখ টাকা সরিয়েছেন।
আত্মসাতের টাকা ম্যানেজার শহিদুল ইসলাম তার ভাই, বন্ধুর শাশুড়িসহ একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে আত্মসাত করেছেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
এ ঘটনায় গত ১২ অক্টোবর ম্যানেজার শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া প্রধান কার্যালয় ও টাঙ্গাইলের ঘাটাইলের প্রিন্সিপাল অফিস থেকে আলাদাভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখার ম্যানেজার ফিরোজ আহম্মেদ বলেন, আপনারা যাতে দ্রুত টাকা ফেরত পান সেজন্য বিষয়টি নিয়ে তদন্ত করা হয়েছে এবং তদন্ত রিপোর্ট হেড অফিসে জমা দেয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রাহকদের টাকা ফেরত দেয়ার বিষয়ে কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে যাতে গ্রাহকরা টাকা পায় সেই বিষয়ে কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে সবাই টাকা ফেরত পাবেন।

Leave a Reply