প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বহুল প্রতীক্ষিত দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন করেছেন। এর ফলে দক্ষিণ পূর্বাঞ্চলের যোগাযোগব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “কথা দিয়েছিলাম, কথা রাখলাম। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার রেললাইন নির্মাণ হলো। রেল সংযোগে অন্তর্ভুক্ত হলো দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজার। তাতে আমিও আনন্দিত। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রেললাইন নির্মাণ করার। সেই রেললাইনের উদ্বোধন হলো আজ।”
প্রধানমন্ত্রী বলেন, “এই রেলপথ নির্মাণের ফলে কক্সবাজারের সঙ্গে সারা দেশের যোগাযোগ আরও সহজ হবে। ভ্রমণ সময় কমবে। পর্যটন বাড়বে। অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।”
উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেন, “আগামী ১ ডিসেম্বর বাণিজ্যিকভাবে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু হবে। এতে করে ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার সময় কমে দাঁড়াবে মাত্র ৬ ঘণ্টা।”
১০১ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে ১৮ হাজার ৩৪ কোটি টাকা। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিআরইসি) ও বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই প্রকল্পের কাজ করেছে।
রেলপথের পাশাপাশি কক্সবাজারে আইকনিক রেলস্টেশনও উদ্বোধন করা হয়েছে। এই রেলস্টেশনটি ২৯ একর জমিতে নির্মিত হয়েছে এবং এর মোট আয়তন ১ লাখ ৮৭ হাজার বর্গফুট। এই রেলস্টেশনে থাকছে তারকা মানের হোটেল, শপিং মল,
রেস্টুরেন্ট, শিশুযত্ন কেন্দ্র, পোস্ট অফিস, কনভেনশন সেন্টার, ইনফরমেশন বুথ, এটিএম বুথ, প্রার্থনার স্থান, লাগেজ রাখার লকারসহ অত্যাধুনিক সব সুবিধা।প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কক্সবাজারে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

অনলাইন ডেস্ক
Leave a Reply