রাজধানীর শাহজাহানপুর থানায় নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই নুরুল ইসলাম রিমান্ড আবেদনে বলেন, ঘটনার দিন পুলিশের এতটি রাইফেল ছিনতাই হয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারের জন্য তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আদালতে শুনানিতে মির্জা আব্বাসের আইনজীবী মসলেউদ্দিন জসিম বলেন, মির্জা আব্বাসের বয়স ৭০ থেকে ৭৪ বছর। তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, মির্জা আব্বাসের বয়স ৫৭ বছর। এ সময় মির্জা আব্বাস বিচারককে উদ্দেশ্য করে বলেন, আমার বয়স ৭৪ বছর। তদন্ত কর্মকর্তা যেটা লিখেছেন সেটা ঠিক নয়।
এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর শহীদবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর বিকেল ৩টা ৪০ মিনিটে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা বেআইনিভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেয়।
তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে শাহজাহানপুর থানা এলাকায় বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ ও পুলিশের সরকারি কাজে বাধা দেয় তারা। এ সময় আসামিরা অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।
মির্জা আব্বাসের বক্তব্য
আদালতে শুনানি চলাকালে মির্জা আব্বাস বলেন, “আমি ৫০ বছর ধরে রাজনীতি করি। বহু মিছিল করেছি। আন্দোলন করে এরশাদ সরকারের পতন ঘটিয়েছি। এত বছরে এমন কোনো মামলা হয়েছে কি না তা দেখিনি।”
তিনি বলেন, “আমাদের বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। শুধু বিএনপিকে নয়, আওয়ামী লীগকেও নেতৃত্বশূন্য করতে চায়। একসময় দেশ নেতৃত্বশূন্য হয়ে যাবে। আমি ভবিষ্যদ্বাণী বলে দিলাম।”

অনলাইন ডেস্ক
Leave a Reply