গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ ফাঁড়িতে হামলা ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে মৌচাক বাজার এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কে ১০-১২টি যানবাহন ভাঙচুর করেন তাঁরা। শিল্প পুলিশ ও থানা-পুলিশ তাঁদের নিয়ন্ত্রণের চেষ্টা করলে শত শত শ্রমিক ক্ষিপ্ত হয়ে পুলিশকে ধাওয়া দেন। আত্মরক্ষার্থে পুলিশ মৌচাক বাজার এলাকায় অবস্থিত কালিয়াকৈর থানাধীন পুলিশ ফাঁড়িতে অবস্থান নেয়। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালান।
পুলিশ জানায়, হামলায় পুলিশ ফাঁড়ির ফটক, কার্যালয়ের কাচ ও সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। এতে কোনো পুলিশ সদস্য আহত হননি।এ ঘটনার পর শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৩ অক্টোবর থেকে কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিচালা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে অবরোধ শুরু করেন। সেখান থেকে পর্যায়ক্রমে শ্রমিক বিক্ষোভ গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর নাওজোর, ভোগরা, চান্দনা চৌরাস্তাসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
আজ সকালে শ্রমিকেরা মৌচাক ও তেলিচালা এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ ছাড়া গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা গেছে।
শ্রমিকরা জানান, তাদের বেতন ৮ থেকে ১০ হাজার টাকা। এই টাকায় তাদের সংসার চলছে না। ঘরভাড়া দেওয়ার পর যা থাকে, তা দিয়ে কোনোভাবে বেঁচে আছেন। তারা সর্বনিম্ন বেতন ২৩ হাজার টাকা দাবি করছেন।
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, শ্রমিকদের মজুরি বোর্ড নিয়ে সরকার কাজ করছে, তবে এখনো সেটি চূড়ান্ত হয়নি। তিনি বলেন, কিছু উচ্ছৃঙ্খল লোক শ্রমিকদের উসকানি দিয়ে এটাকে ইস্যু বানিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে।
গাজীপুরের বাসন থানার ওসি আবু সিদ্দিক বলেন, শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মিছিল করছেন। আজকে অধিকাংশ কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের সংখ্যা কিছুটা কম। তাঁদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

Leave a Reply