টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।রোববার সকাল ১১ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেল তিনটার দিকে তাদের মৃত্যু হয় বলে জানান তাদের পরিবার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দেউলাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সকাল ১১ টার দিকে দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক চারজনকে প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ নেওয়ার পর বিকেল তিনটার দিকে মারা যান মোহাম্মদ রনি (১৯) নামে এক কলেজ ছাত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রনির চাচা মো.জিলানি। নিহত রনি ঘাটাইল সরকারি জিবিজি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
সে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন বলে জানান জিলানি। নিহত রনি ঘাটাইল উপজেলার মুখ্য গাংগাইর গ্রামের ভ্যানচালক মো. আবুর ছেলে। অপরদিকে অন্য মোটরসাইকেলে চালকসহ ছিলেন তিনজন। তাদের মধ্যে শহিদুর রহমান (৩০) নামে এক যুবকের অবস্থা ছিল মুমূর্ষ।
নিহত রনির চাচা মো. জিলানি জানান, একই এ্যাম্বুলেন্সে করে রনি ও শহিদুরকে ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়। বিকেল তিনটার দিকে রনি মারা যায়। এর আধা ঘণ্টা পর শহিদুরও মারা যান। শহিদুর ঘাটাইল উপজেলার কদমতলী গ্রামের মেছের আলীর ছেলে।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে অন্য আরেকজনের মৃত্যুর খবর এখনো পাইনি।

Leave a Reply