টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চৈথট্র বটতলী এলাকার ভ্যান চালক ও কাঠ ব্যাবসায়ী কবির হত্যা মামলায় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) বিকালে মামলার অন্যতম আসামী দেলোয়ার হোসেন দেলুকে র্যাব গ্রেফতার করে ঘাটাইল থানায় হস্তান্তর করেন।
সোমবার তাকে আদালতে নেওয়া হবে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক আজহারুল ইসলাম। এর আগে মামলা হওয়ার একদিন পর ইসমাইলকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত ইসমাইলের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে কবির হত্যাকান্ডে জড়িত থাকার কথা ইসমাইল অস্বীকার করেছেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা আজহারুল ইসলাম ।
জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ভোরে উপজেলার চৈথট্র বটতলী এলাকা থেকে গলায় রশি পেঁচানো কবির হোসেন (২৭) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ। শুরু থেকেই পরিবার, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং এলাকাবাসির দাবী এটি পরিকল্পিত হত্যাকান্ড। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর কবির হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেন এলাকাবাসি। মানববন্ধনে দাঁড়িয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ পাঁচ গ্রামের হাজারো নারী পুরুষ।
পরিবার ও এলাকাবাসির আশঙ্কাই সত্যি হল। দীর্ঘ ২৫ দিন পর ১১ অক্টোবর প্রকাশিত ময়নাতদন্ত প্রতিবেদনে প্রকাশ পায় হত্যাকান্ডের শিকার হয়েছেন কবির। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেয়ে ওইদিনই হত্যা মামলা নিয়েছেন পুলিশ। বাদী হয়েছেন কবিরের চাচা মো.হায়েত আলী।
মামলার বাদী মো.হায়েত আলী বলেন, কবির ভ্যান চালানোর পাশাপাশি কাঠের ব্যাবসা করতো। খাগরাটা গ্রামের জালাল উদ্দিনের ছেলে ইসমাইল এবং নেওয়াজ আলীর ছেলে বাবুর সঙ্গে টাকা-পয়সা লেনদেন নিয়ে আগে থেকেই বিরোধ ছিল কবিরের। হত্যার এক মাস আগে তারা কবিরকে খুন করার হুমকি দেন। তাই এ হত্যাকান্ডের সঙ্গে ইসমাইল ও বাবু জড়িত থাকতে পারে বলে পরিবারের ধারণা ছিল।সন্দেহভাজন পাঁচজন এলাকা থেকে পালিয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, নিহত কবিরের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। দুই জনকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে। বাকীরা পলাতক আছে। আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply