টাঙ্গাইলের ঘাটাইলে পুকুরের পানিতে ডুবে নুর হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ সোমবার বিকেল ৪টায় উপজেলার শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নুর হোসেন উপজেলার গারোবাজার এলাকার আব্দুল সামাদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নুর হোসেন ও তার পাঁচ বন্ধু পড়েন ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণিতে। থাকেন শাহপুর এলাকার রাকিব ম্যানশন ছাত্রাবাসে। ছাত্রাবাসের পাশেই পুকুর।
সেই পুকুরে দুপুর আড়াইটার দিকে গোসল করতে নামেন তারা। চার বন্ধু সাঁতরে পাড়ে উঠলেও মাঝ পুকুরে ডুবে যায় নুর হোসেন(১৮)। প্রায় দেড়ঘণ্টা পর পুকুর থেকে স্থানীয়রা উদ্ধার করেন তার মরাদেহ।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম বলেন, ঘটনাটি তার বাড়ির পাশেই। বিষয়টি জানার পর তিনি পুলিশ এবং ফায়ার সার্ভিসকে অবগত করেন এবং স্থানীয় সাহসী যুবকদের উদ্ধার কাজে অংশ নিতে বলেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে সাঁতার কেটে পুকুরের এপার হতে ওপার যেতে মাঝখানে ডুবে যায় নূর হোসেন। লাশ উদ্ধার করা হয়েছে। আইনীপ্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।


Leave a Reply