টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সামাদ(৬০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌরসভার বানিয়াপাড়া গ্রামে সামাদের বাড়ির পাশেই এ ঘটনা ঘটে। বিদ্যুৎ অফিসের লাইনম্যানের সহযোগী (বেসরকারি) হিসেবে কাজ করতেন তিনি।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বিদ্যুৎ অফিসের লাইনম্যানের সহযোগী (বেসরকারি) হিসেবে কাজ করতেন আব্দুস সামাদ। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে দুই সহকর্মী নিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করতে যান তিনি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন তারে হঠাৎ করেই চলে আসে বিদ্যুৎ।
কোনো কিছু বোঝার আগেই তারের সঙ্গে জরিয়ে পুড়ে যায় তাঁর শরীর। এক পর্যায় খুঁটি থেকে মাটিতে পড়ে যান সামাদ। তাঁকে উদ্ধার করে অফিসের গাড়িতে করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সামাদের মেয়ে মুক্তি বলেন, তাঁর বাবাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান লাইনম্যান কাদের।
ঘটনার তদন্ত করে বিচার বাদী করে বলেন, বিদ্যুৎ অফিসের সরকারি লাইনম্যান থাকতে খুঁটিতে কেন আমার বাবাকে তুলে দেওয়া হল? বাবা যখন লাইনে কাজ করছিলেন তখন বিদ্যুৎ বন্ধ ছিল, হঠাৎ করেই বিদ্যুৎ চলে আসলো কিভাবে? আমাদের ভরনপোষণের আর কেউ রইল না।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঘাটাইল শাখার বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.মোস্তাফিজুর রহমান বলেন, বাতাস এবং ভারী বৃষ্টিপাতের কারণে সন্ধ্যা থেকে রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা ছিল। পৌরসভার ওই এলাকা ঘাটাইল ফিডারের। ওই ফিডারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। তিনি আরও বলেন, ঘাটাইলের পোড়াবাড়ি এলাকায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পিডিবির লাইনে পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানতে পেরেছেন।
ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো অভিযোগ করবে না বলে তাকে জানিয়েছেন। পুলিশ যাওয়ার আগেই স্বজনরা লাশ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেছে।

Leave a Reply