নিজস্ব প্রতিবেদক : মিন্টু মিয়া (৬০)। যশোরের মণিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। পরিবারের কাউকে কিছু না জানিয়ে দেড় মাস আগে বাড়ি থেকে চলে আসেন। অনেক খোঁজ করেও সন্ধান পাননি পরিবারের সদস্যরা। শুক্রবার সোস্যাল মিডিয়ায় ছবি দেখে মিন্টুর খোঁজ পান স্বজনরা। ততক্ষণে তার নিথর মরদেহ পড়ে ছিলো হাসপাতালের মর্গে। পুলিশ বলছে, সড়ক দুর্ঘটনায় আহত হিসেবে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে কোথায় কোন যানবাহনে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন তা জানা যায়নি।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার বিকেলে একজন রিকশা চালক অজ্ঞাত এক ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনেন। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানানো হয়। এসময় দায়িত্বরত চিকিৎসক শুভাশিষ রায় তাকে ভর্তি করে চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে পাঠিয়ে দেন।
ওয়ার্ডবয় শামসুর রহমান জানান, ডাক্তাররা তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদান করেছেন। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। রাত ১২ টার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে মরদেহ মর্গে পাঠানো হয়। তিনি অজ্ঞাত হিসেবে হাসপাতালে ভর্তি ছিলেন। ফলে পরিচয় শনাক্তের উদ্দেশ্যে অনেকে মৃতদেহের ছবি তুলে ফেসবুকে আপলোড করেন।

মিন্টু মিয়ার ছেলে রাশেদুল ইসলাম জানান, তার পিতা বড্ড অভিমানী ছিলেন। দেড় মাস আগে পরিবারের সদস্যদের কিছু না জানিয়ে হঠাৎ করে বাড়ি থেকে চলে আসেন। অনেক খোঁজ করে সন্ধান পাননি তারা। শুক্রবার সকালে এলাকার একজনের মুঠোফোনের ফেসবুক আইডিতে তার পিতার ছবি দেখেন। পরে তিনিসহ অন্য স্বজনরা হাসপাতালে এসে জানতে পারেন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ মর্গে রয়েছে। সেখানে গিয়ে দেখেন অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি তার পিতা মিন্টু মিয়া।
হাসপাতাল মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমিন জানান, মর্গে গিয়ে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন তার স্বজনরা। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, কোথায় কোন যানবাহনে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন তা কেউ জানাতে পারেননি। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। সংগ্রহ দৈনিক স্পন্দন ১৩/০৮/২২

Leave a Reply