টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর ইসমাইল হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।ইসমাইল হোসেন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গ্রামের জরিপ শেখের ছেলে ও তানিয়া খাতুন নুরানীয়া মাদরাসার নার্সারি শ্রেণীর ছাত্র।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৬ টায় উপজেলার গোবিন্দাসী গ্রামের নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৫ টার দিকে নিখোঁজ হন ইসমাইল। এরপর মাইকিং ও অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধ্যান মেলেনি।
পরের দিন সকাল ৬টার দিকে বাড়ির পাশের একটি ডোবার পানিতে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
১৫-১৬ বছর আগে ইসমাইলের বড় ভাইও পানিতে ডুবে মারা যায়। একইভাবে এ শিশুটিকেও হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। স্বজন ও পরিবারের লোকজনরাও করছে আহাজারি। তার মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম বলেন, সোমবার বিকেলে বাড়ি থেকে একটি শিশু নিখোঁজ হয় এবং সকাল ৬টার দিকে একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা প্রক্রিয়াধীন।




Leave a Reply