নাসুম আহমেদের এক ওভারেই ৩৪ রান তুলে ফেলেন রায়ান বার্ল। ১৫তম ওভারের চতুর্থ বলে চার ছাড়া বাকি পাঁচ বলে মারেন পাঁচ ছক্কা। এক রায়ান বার্লই ঘুরিয়ে দেন ম্যাচের মোড়।
তাছাড়া বাকি ব্যাটাররা খেলতে পারেননি বড় ইনিংস। নির্দিষ্ট ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেটে ১৫০ রান। হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারের প্রথম বলেই রেগিস চাকাভাকে ১৭ রানে ফেরান নাসুম।
প্রথম ম্যাচ খেললেও দ্বিতীয় ম্যাচে নাসুম থাকেন একাদশের বাইরে। তৃতীয় ম্যাচে ফিরে প্রথম বলে উইকেট নিয়ে চমক দেখালেও দ্বিতীয় ওভারে চমকে যান নিজেই।
ইনিংসের ষষ্ঠ ওভারে শেখ মেহেদী হাসান চতুর্থ বলে বোল্ড করে ফেরান ওয়েসলে মাধভেরেকে (৫)। পরের বলেই ফেরান সিকান্দার রাজাকে (০)।
২ রান করা সিন উইলিয়ামসকে ফেরান মোসাদ্দেক হোসেন। ২৭ বলে ২৪ রান করা ক্রেইগ আরভিনকে ফেরান বিশ্রাম থেকে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ।
১৩তম ওভারের শেষ বলে এনামুল হক বিজয়ের দুর্দান্ত ক্যাচে মিল্টন শুম্ভাকে ফেরান মোস্তাফিজুর রহমান। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন রায়ান বার্ল।
১৫তম ওভারে পাঁচটি ছক্কা আর এক চারে ৩৪ রান তুলে রায়ান বার্ল এখন এক ওভারে সর্বোচ্চ রান তোলার তালিকায় তৃতীয়। বার্লের আগে রয়েছেন কেবল ভারতের যুবরাজ সিং ও কাইরন পোলার্ড। দুজনেই ওভারে ৬টি করে ছক্কা হাঁকিয়েছিলেন।
রেকর্ড করা বার্লকে ৫৪ (২৮) রানে ফেরান হাসান মাহমুদ। শেষ দিকে লুক জোঙ্গি করেন ৩৫ (২০) রান। তাকেও ফেরান হাসান।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন শেখ মেহেদী ও হাসান মাহমুদ। ১টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ ও মাহমুদউল্লাহ।

সংগ্রহ আরটিভি নিউজ ০২,০৮,২২ইং মঙ্গলবার
Leave a Reply