কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ প্রেমিকার দেওয়া শর্ত পূরণ করতে নিজেদের বিয়ের জন্য তিন লাখ টাকা জোগাড় করতে দশ বছরের এক কন্যা শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে প্রেমিক ইব্রাহীম সরকার (২৫) এর বিরুদ্ধে। এ ঘটনায় অপহরণকারী ইব্রাহীম সরকারকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঐদিন রাতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ইব্রাহীম সরকার ভূঞাপুর উপজেলার সারপলশিয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুর থানার শিরিরচালা এলাকা থেকে দশ বছরের এক কন্যা শিশুকে ভালো খাবার ও ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে ইব্রাহীম। এ সময় সেখান থেকে প্রথমে সিরাজগঞ্জ ও পরবর্তীতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সারপলশিয়া এলাকায় তার এক আত্মীয়ের বাসায় লুকিয়ে রাখে শিশুটিকে। পরে শিশুটির মার কাছে মোবাইল ফোনে তিন লাখ টাকার মুক্তিপণ দাবি করে ইব্রাহীম। অন্যথায় তার শিশুকে হত্যার হুমকি দেন।
এদিকে এ ঘটনার প্রেক্ষিতে অপহৃত শিশুর মা র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি চৌকস দল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারী ইব্রাহীমকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেছে। প্রেমিকার দেওয়া শর্ত মোতাবেক বিয়ের জন্য তিন লাখ টাকা জোগাড় করতে শিশুটিকে অপহরণ করে ইব্রাহীম। তার বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী-২০০৩ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply