রকিবুল ইসলাম রুবেল,লালমনিহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার আদিতমারীতে ৬৭ জন গ্রাম পুলিশের ৪ বছর ধরে যাতায়াত ভাতা বন্ধ রয়েছে।আদিতমারী উপজেলা প্রশাসনের একাউন্টে টাকা নেই এই অজুহাতে নিরব রয়েছে।
জানা যায়, আদিতমারী উপজেলার ৮ টি ইউনিয়নে ৮১ জন গ্রাম পুলিশ কর্মরত আছে।তাদের মধ্যে ৬৭ জনের বিগত ৪ বছর ধরে যাতায়াত ভাতা বন্ধ রেখেছে আদিতমারী উপজেলা প্রশাসন।যাদের পাওনা প্রায় ৪০ লক্ষ টাকা।একজন গ্রাম পুলিশ মাসে রাজস্ব খাত থেকে ৩২৫০ টাকা ও ইউনিয়ন পরিষদ থেকে ৩২৫০ টাকা মোট ৬ হাজর ৫ শত টাকা বেতন পায়।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই অল্প বেতনে সংসার পরিচালনা করতে গিয়ে তাদের নাজেহাল অবস্থা।
অন্যদিকে যাতায়াত ভাতা ১ হাজার ২ শত টাকা পাওয়ার কথা থাকলেও ৪ বছর ধরে বন্ধ রয়েছে।এ হিসেবে একেক জন গ্রাম পুলিশের পাওনা ৬১ হাজার টাকা।দীর্ঘদিন যাতায়াত ভাতা বন্ধ থাকায় তারা ঠিকমত হাজিরা দিতে পারছেন না।অনেকেই পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে মানবেতর জীবনযাপন করছে।
এ ব্যাপারে কথা হয় গ্রাম পুলিশ মশিউর,জামাল উদ্দিন ও নাম প্রকাশ না করার শর্তে আরো বেশ কিছু গ্রাম পুলিশ বলেন,ভাই আমরা যা বেতন পাই তা দিয়ে সংসার চলে না।আবার মাসে ৪ বার হাজিরা দেবার জন্য যেতে হয় উপজেলা অফিসে।যাতায়াত ভাতা ৪ বছর ধরে বন্ধ।আবার এ বিষয়ে আদিতমারী উপজেলার নির্বাহী অফিসের ওএস মজিবরকে জিজ্ঞাসা করলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে।আমাদের অনেক ঋন হয়েছে টাকাটা খুব দরকার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসের ওএস মজিবর বলেন,একাউন্টে টাকা না থাকলে কিভাবে দিবো।এ ব্যাপারে ডিসি স্যারও অবগত আছে।আর খারাপ ব্যবহারের বিষয়টি সঠিক নয়।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার বলেন,উপরে চিঠি লিখেছি।অনুমোদন আসলে দিতে পারব।


Leave a Reply