যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলার ঘটনায় বিএনপির আট নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আহত তবিবুর রহমান তবি (৫০) বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলাটি করেন। তিনি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি। মামলার নম্বর ১৬।
মামলার এজাহারে উল্লেখ করা আট আসামি হলেন ছোট আঁচড়া গ্রামের আশা (৩০), বাবু (৩৫), চয়ন (২৭), ইব্রাহিম (৪০), ইসরাফিল (৫৫), জামশের আলী (৬০), বকুল (৩৫) ও আবদুল আহাদ (৬০)। তাঁদের মধ্যে আবদুল আহাদ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর এবং ইসরাফিল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় বিরোধের জেরে গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে তবিবুর রহমান তবি তাঁর সহযোগী লুকমান হোসেনকে (৫০) নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ছোট আঁচড়া গ্রামে বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া আসামিরা তাঁদের পথরোধ করেন। এ সময় আবদুল আহাদের নির্দেশে আশা ও বাবু হত্যার উদ্দেশ্যে দুটি ককটেল নিক্ষেপ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুরের ডান পা এবং লুকমানের বাম পায়ে আঘাত লাগে। বিস্ফোরণে তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আসামিরা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ওসি কাজী বাবুল হোসেন জানান, আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply