যশোর শহরের সার্কিট হাউসপাড়ায় মাকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে হাসান পারভেজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বুধবার তাকে আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা সংক্ষিপ্ত বিচারে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাসান পারভেজ যশোরের দড়াটানার তাজ স্নাক্সের স্বত্বাধিকারী মৃত সোহেল হাসান মিঠুর ছেলে।
আদালতে দাখিল করা পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে হাসান পারভেজ তার মা মাহামুদা হাসান ও বোন ফারহানা আফরোজকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন এবং হত্যার হুমকি দিচ্ছিলেন।
বাধ্য হয়ে মাহামুদা স্বামীর রেখে যাওয়া সম্পত্তি ছেড়ে আট মাস অন্য জায়গায় বসবাস করছিলেন। এ ছাড়া হাসান তাঁর বোন ফারহানা আফরোজকে সম্পত্তি থেকে বঞ্চিত করে রেখেছিলেন।
এ অবস্থায় মাহামুদা নিজের অংশের কিছু জমি মেয়েকে লিখে দেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন হাসান পারভেজ।এ বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে সার্কিট হাউসপাড়ায় মা ও বোনকে দেখে গালিগালাজ করতে থাকেন হাসান পারভেজ। তার মা প্রতিবাদ করলে হাসান তাঁকে কিল-ঘুষি মারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতে মাহামুদার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় তাঁর কাছে থাকা প্রায় ২২ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোনও হাসান ভেঙে ফেলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
পরে এ ঘটনায় মাহামুদা হাসান থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় হাসানকে আটক করে বুধবার আদালতে সোপর্দ করে। বিচারক তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।


Leave a Reply