যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে দুর্নীতিমুক্ত দাবি করে বলেছেন, তিনি ‘নিশ্চিতভাবেই দুর্নীতিগ্রস্ত নন’। একই সঙ্গে মিনেসোটাসহ ডেমোক্র্যাট-শাসিত কয়েকটি অঙ্গরাজ্যে প্রকৃত দুর্নীতি ও সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ তুলে বিরোধীদের কঠোর সমালোচনা করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর দাবি, ডেমোক্র্যাটরা নিজেদের শাসনাধীন অঙ্গরাজ্যগুলোর দুর্নীতি ও অর্থ আত্মসাতের ঘটনা থেকে মানুষের দৃষ্টি সরাতে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলছে।
খবর বাপসনিউজ ও আইবিএননিউজ।ট্রাম্প বিশেষভাবে মিনেসোটা, ক্যালিফোর্নিয়া ও মেইনের মতো অঙ্গরাজ্যের সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কথিত জালিয়াতি ও অর্থ আত্মসাতের বিষয়টি তুলে ধরেন।
অন্যদিকে, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পর কংগ্রেসের ডেমোক্র্যাট নেতারা ট্রাম্প, তাঁর পরিবার এবং ঘনিষ্ঠ সহযোগীদের ব্যবসায়িক কর্মকাণ্ড ও আর্থিক লেনদেন নিয়ে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন।
বিশেষ করে ট্রাম্প পরিবারের ক্রিপ্টোকারেন্সি ব্যবসা, রিয়েল এস্টেট এবং সরকারি দায়িত্বের সঙ্গে ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের সম্ভাব্য সংঘাত তদন্তের আওতায় আসতে পারে।
ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, অতীতেও তাঁর করসংক্রান্ত নথি নিয়ে তদন্ত করে অনিয়ম পাওয়া যায়নি। ডেমোক্র্যাটদের নতুন তদন্তও সফল হবে না বলে তিনি মন্তব্য করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্নীতির অভিযোগ এখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। একদিকে ট্রাম্প প্রশাসন ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যগুলোর কথিত জালিয়াতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অন্যদিকে ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের আর্থিক কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে চাইছে।


Leave a Reply