যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কর্মস্থলে নির্মাণকাজ করার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী বাংলাদেশি মাওলানা শিহাব উদ্দিন। গত ২৩ নভেম্বর ২০২৬,সোমবার সকালে ব্রুকলিনে কর্মরত অবস্থায় মই বা ল্যাডার ব্যবহার করে কাজ করার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ।
নিহত শিহাব উদ্দিন নিউইয়র্কের ব্রুকলিনের ইস্ট ফ্ল্যাটবুশ এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর দেশের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামে। প্রবাসে তিনি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
মরহুম শিহাব উদ্দিন মুনা ব্রুকলিন ইস্ট ফ্ল্যাটবুশের সদস্য এবং মসজিদ বায়তুস সালামের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ধর্মীয় ও কমিউনিটিভিত্তিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার কারণে স্থানীয় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে তাঁর পরিচিতি ছিল।
কর্মস্থলে এমন আকস্মিক দুর্ঘটনায় তাঁর মৃত্যুর সংবাদে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, পরিচিতজন ও কমিউনিটির সদস্যদের মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।
প্রবাসের জীবনে পরিবারের সচ্ছলতা ও ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি অত্যন্ত বেদনাদায়ক। শিহাব উদ্দিনের মৃত্যু আবারও নির্মাণকাজসহ ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব সামনে নিয়ে এসেছে।
মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।


Leave a Reply