কুষ্টিয়া জেলায় গড়ে ওঠা ২০১টি ইটভাটার মধ্যে ১৮৪টিই চলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই। মাত্র ১৭টি ভাটার বৈধতা থাকলেও বাকিগুলো সম্পূর্ণ অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হলেও এর ধীরগতি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। সপ্তাহে মাত্র একটি করে ভাটায় অভিযান পরিচালনা করা হলে সব অবৈধ ভাটা বন্ধ করতে প্রায় সাড়ে তিন বছর সময় লাগবে। দীর্ঘ এই সময়ে জনস্বাস্থ্য, কৃষিজমি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এখন থেকে প্রতি সপ্তাহে একটি করে ইটভাটায় অভিযান চলবে। তবে এই দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে ভাটা মালিক সমিতির সমন্বয়ে প্রায় ৫০ লাখ টাকা লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাটা মালিকের দাবি, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করার কথা বলে মালিক সমিতির উদ্যোগে প্রায় ৫০ লাখ টাকার একটি তহবিল গঠন করা হয়েছে এবং বিভিন্ন দপ্তরে টাকার বান্ডিল পাঠানো হচ্ছে।
এই পরিস্থিতির জন্য সরকারের নীতিমালাকেও প্রশ্নবিদ্ধ করছেন ভাটা মালিকদের একাংশ। কুষ্টিয়া ইটভাটা মালিক সমিতির একাংশের সভাপতি লুৎফর রহমান জানান, তাদের সমিতির অধীনে থাকা ৮৬টি এবং চরসাদিপুরের ৩৮টি ভাটা থেকে সরকার নিয়মিত ভ্যাট-ট্যাক্স আদায় করছে। রাজস্ব নেওয়ার পরও এসব ভাটাকে অবৈধ বলা হচ্ছে কেন—তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। অন্যদিকে, কুষ্টিয়া জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন আলী বলেন, লাইসেন্স না পাওয়ায় তারা প্রতিনিয়ত ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছেন। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের কার্যালয়ে বারবার ধরনা দিয়েও সমস্যার সমাধান হচ্ছে না বলে দাবি তার।
মাঠ পর্যায়ের তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে। পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয়ের পরিদর্শক নাসরিন সুলতানা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ছাড়া সরেজমিনে পরিদর্শনে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই। সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আবাসিক এলাকা, কৃষিজমি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই যত্রতত্র ইটভাটা গড়ে উঠেছে। সরকার ২০০২ সালে ড্রাম চিমনি এবং ২০১৪ সালে ১২০ ফুট উচ্চতার ফিক্সড চিমনির ব্যবহার নিষিদ্ধ করলেও তা মানা হচ্ছে না। অবাধে পোড়ানো হচ্ছে কাঠ ও গাছের গুঁড়ি; কোনো কোনো ভাটার সঙ্গে বসানো হয়েছে করাতকলও।
কুমারখালীর যদুবয়রা এলাকার বাসিন্দা আলামিন জানান, ইটভাটার কালো ধোঁয়া ও ধুলাবালিতে স্থানীয় পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে ইট তৈরির ফলে কৃষিতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি ভারী যানবাহন চলাচলের কারণে গ্রামীণ সড়কগুলো দ্রুত নষ্ট হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাটা মালিক স্বীকার করেন, ছাড়পত্র না থাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে ‘ম্যানেজ’ করেই তারা ভাটা চালাচ্ছেন, যার ফলে ছয় মাস ব্যবসা করেও কাঙ্ক্ষিত লাভ থাকছে না।
সার্বিক বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এমদাদুল হক জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অবৈধ ভাটা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। অর্থ লেনদেনের অভিযোগ প্রসঙ্গে তিনি কোনো আলামত পাওয়া যায়নি বলে জানান, তবে ইতিমধ্যে চারটি ভাটা ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেন।এদিকে সচেতন মহলের দাবি, সপ্তাহে মাত্র একটি অভিযান কোনোভাবেই কার্যকর সমাধান হতে পারে না। পরিবেশ দূষণ রোধ, জনস্বাস্থ্য এবং কৃষিজমি রক্ষায় কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


Leave a Reply