টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকদ্রব্য বিক্রি করায় বাড়িঘর ভাঙচুর করেছে এলাকাবাসী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর এলাকার মুসল্লিসহ এলাকাবাসী বাড়িঘর ভাঙচুর করে। ঘটনাটি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি গ্রামের সুরমান আলীর বাড়িতে ঘটে।
স্থানীয়রা জানান, সুরমান ও তার স্ত্রী এবং তার ছেলে সোহাগ ও তার বউ দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য বিভিন্ন স্থান হতে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে বাড়ি থেকে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি ও সেবন করে আসছে। এর আগে শুধু সুরমান ও তার স্ত্রী এই ব্যবসার সাথে জড়িত থাকলেও পরবর্তীতে তার ছেলে ও ছেলের বউ জড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা বলেন- আমাদের স্থলকাশি গ্রামের সুরমান আলী দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে আসছে। এর আগে গোপিনাথপুর ও জিগাতলা গ্রামে বসবাস করতো। সুরমান ও তার পরিবারের লোকজন বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছে। প্রতিদিন বিভিন্ন এলাকার মাদকসেবীরা তার বাড়িতে আসা যাওয়া করে সর্বক্ষণ। আমরা বারবার নিষেধ করার সত্তেও সে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এর ফলে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে রয়েছে। তাই আমরা মুসল্লিরা জুম্মার নামাজ শেষে তার বাড়িতে গিয়ে তাকে সাবধান ও সতর্ক করতে যাই কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায় না। তাকে না পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী কিছু ভাঙচুর করে। এরপরেও যদি তারা মাদকদ্রব্য বিক্রি করে তাহলে সামাজিক ভাবে বসে তাকে এলাকা ছাড়া করা হবে এবং প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তারা।
তারা আরো বলেন- জুম্মার নামাজের পর আমাদের এলাকার কিশোর ও যুবক থেকে শুরু করে বৃদ্ধরা এসেছে এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। তারা বলেন- মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো।আমাদের এলাকাতে কোন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী থাকতে পারবে না বলেও জানান তারা।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বলেন- এধরণের কোন অভিযোগ আসলে সাথে সাথে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকদ্রব্য নিয়ে আমরা সব সময় সোচ্চার রয়েছি। মাদকের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে অনুরোধ জানান তিনি।

Leave a Reply